চন্দ্রা নবীনগর

যানবাহন ভাঙচুর ও আগুন বেক্সিমকো শ্রমিকদের

জেলা প্রতিনিধি, গাজীপুর

যানবাহন ভাঙচুর ও আগুন বেক্সিমকো শ্রমিকদের

গাজীপুরে বেক্সিমকো গ্রুপ ও আশপাশের কারখানা খুলে দেওয়ার দাবিতে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ হয়েছে। এ সময় যানবাহন ভাঙচুর এবং কয়েকটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সন্ধ্যা পর্যন্ত মহাসড়ক থেকে শ্রমিকরা সরে না যাওয়ায় শেষ খবর পাওয়া পর্যন্ত এ সড়কের দুই দিক থেকে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে শ্রমিকদের সরানোর চেষ্টা করছিল। এদিকে চন্দ্রা নবীনগর সড়ক বন্ধ হয়ে যাওয়ায় অন্যান্য জেলা থেকে ঢাকাগামী যানবাহনগুলো বিকল্প পথে গাজীপুর এবং ধামরাই হয়ে চলাচল করছে।

বিজ্ঞাপন

গাজীপুরের কাশিমপুর চক্রবর্তী ও আশপাশের এলাকায় কারখানার পাশাপাশি বেক্সিমকো গ্রুপের কারখানা খুলে দেওয়ার দাবিতে বুধবার বিকাল ৩টা থেকে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা।

এ সময় গণপরিবহন ভাঙচুরের পাশাপাশি কয়েকটি গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আন্দোলনরত শ্রমিকরা। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে গণমাধ্যম কর্মীদের উপর হামলা ও মোটরসাইকেল ভাঙচুর করে আন্দোলনরত শ্রমিকরা। যানবাহন আটকে যাওয়ায় তীব্র ভোগান্তিতে পড়ে মহাসড়কটি ব্যবহারকারী যানবাহনের যাত্রী ও পথচারীরা।

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, এসব কারখানা খুলে দেওয়ার দাবিতে কয়েক দফায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। গত ২১ ডিসেম্বর বিক্ষোভে শ্রমিকদের কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ২১ জানুয়ারি দুপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের অধিকাংশ শ্রমিক একত্রিত হয়ে বিশাল এক গণসমাবেশ করে।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা দুপুর ৩টা থেকে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে। এ সময় দীপ্ত টিভির গাজীপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, বাংলাভিশনের চিত্র সাংবাদিক আমির হোসেন রিয়েল ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার কালিয়াকৈর প্রতিবেদক আবু সাঈদ গুরুতর আহত হন।

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম মুঠোফোনে গণপরিবহন ভাংচুর ও গণমাধ্যম কর্মীদের উপর হামলার বিষয়ে দুঃখ প্রকাশ করেন।

শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু তালেব জানান, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানা খুলে দেওয়ার দাবিতে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করেছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন