মজুরি বৃদ্ধির দাবিতে আবারো সড়ক অবরোধ করেছে ফতুল্লার গার্মেন্টসের শ্রমিকরা। মঙ্গলবার বেলা আড়াইটায় কাঠেরপুল এলাকার আবীর ফ্যাশন, মেট্রো নিটওয়্যার, মাইক্রো ফাইবার ও আজাদ নিট কম্পোজিটের শ্রমিকরা আস্তায় নেমে আসেন। তারা পুলিশী বাধা উপেক্ষা করে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবস্থান নেন। এ সময় সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে।
সোমবার একই স্থানে বিক্ষোভ করেছিলেন ফতুল্লার শ্রমিকরা। ৫ ঘণ্টা অবরোধের পর ডিসি-এসপির আশ্বাসে অবরোধ তুলে নিয়েছিলেন শ্রমিকরা। কিন্তু আজ সকাল থেকে পরিস্থিতি শান্ত থাকলেও দুপুরের পর হঠাৎ করেই উত্তেজিত হয়ে পরেন তারা। কাজে যোগ না দিয়ে একত্রিত হয়ে আবারো আন্দোলন শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে লাঞ্চ বিরতির পর কাঠের পুল এলাকার আবির ফ্যাশনের শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে গেটে দাঁড়িয়ে জড়ো হতে শুরু করেন। এক পর্যায়ে তারা পার্শ্ববর্তী মাইক্রো ফাইবারের শ্রমিকদের উস্কে দিয়ে কারখানা ছুটি দিতে বাধ্য করেন। এরপর মেট্রো নিটওয়্যার ও আজাদ নিট কম্পোজিটের শ্রমিকদেরো আন্দোলনে যোগ দিতে বাধ্য করেন।
বেলা আড়াইটায় কয়েক হাজার শ্রমিক একত্রিত হয়ে কাঠের পুল থেকে মিছিল নিয়ে শিবু মার্কেট এলাকার দিকে অগ্রসর হয়। পুলিশ প্রধান সড়কে প্রবেশের মুখ বন্ধ করে দিলেও ব্যারিকেড ভেঙ্গে মূল সড়কে প্রবেশ করেন শ্রমিকরা। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার ফলে দুপাশে সৃষ্টি হয় তীব্র যানজট।
এদিকে যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে বিপুল পরিমাণ পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

