গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নায়ানগর গ্রামে আইপিএসের বৈদ্যুতিক সংযোগ পরিবর্তনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল মাহিন হাসান (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে এ মর্মান্তিক ও দুঃখজনক দুর্ঘটনাটি ঘটে।
নিহত আল মাহিন হাসান উপজেলার নায়াগর গ্রামের মরহুম মুক্তার হোসেনের পুত্র। তার পিতা বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন। আল মাহিন স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমানের ভাইপো এবং উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বাড়ির আইপিএসের বৈদ্যুতিক লাইনের সংযোগ পরিবর্তনের কাজ করছিলেন আল মাহিন। একপর্যায়ে সে বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা ও স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান জানান, আল মাহিন একজন মেধাবী ও ভদ্র স্বভাবের ছেলে। তার আকস্মিক মৃত্যু পরিবার ও এলাকাবাসীর জন্য অপূরণীয় ক্ষতি।
আল মাহিনের অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, সহপাঠী ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

