গাজীপুরের শ্রীপুরের মাওনা-সাতখামাইর-বরমী আঞ্চলিক সড়কে ডাকাতির সময় সিএনজি চালিত অটোরিকশা চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চার ডাকাত আটক হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ওই সড়কের সাতখামাইর বাজার মাজার এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।
নিহত দুজনের একজন মো. আরিফ হোসেন (২২)। তিনি কুমিল্লা জেলার হাবিবুর রহমানের ছেলে। আরিফ হোসেন ডাকাত দলের সদস্য ছিল। অপরদিকে এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার সময় সিএনজিচালক আবুল কালাম (৪০) মৃত্যুবরণ করেন। তাৎক্ষণিকভাবে আটক চার ডাকাতের নাম পরিচয় জানা যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. শফিকুল ইসলাম বলেন, তিনি শ্রীপুরের-বর্মী সড়কে সাতখামাইর বাজারের কাছেই মাজার এলাকায় ৬-৭ জনের ডাকাত দল পিকআপ গাড়ির গতিরোধ করে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা পয়সা নিয়ে যায় ডাকাতরা। একই সময় ওই সড়কে অন্যান্য গাড়িতেও ডাকাতি করছিল ডাকাত দলের সদস্যরা। একপর্যায়ে ভুক্তভোগীরা চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে এসে প্রতিরোধ করতে শুরু করে। খবর পেয়ে পুলিশের টহল টিমের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহযোগিতায় ডাকাত দলের ৪ সদস্যকে আটক করে। এ সময় গাড়ির ধাক্কায় এক ডাকাত সদস্য গুরুতর আহত হয়। অপরদিকে সিএনজি অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। পরে তাদের হাসপাতালে নেয়া হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আব্দুল বারিক জানান, একজন ডাকাত সদস্যসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে চারজন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

