নারায়ণগঞ্জের ফতুল্লায় মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। বুধবার (২৭ মে) সকালে ফতুল্লার লামাপাড়া এলাকায় এ উপলক্ষে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টায় লামাপাড়ায় হযরত শাহ্ সুফি মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসা প্রাঙ্গণে ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা ঈদের নামাজ আদায় করেন। এতে দেশের বিভিন্ন এলাকার মুসল্লিরা অংশ নেন।
ঈদের জামাতে ইমামতি করেন মুফতি মাওলানা শাহাবুদ্দিন। নামাজে অংশ নিতে গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরাণীগঞ্জ, পুরান ঢাকা, ডেমরা, সাভারসহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, বন্দর, আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হন।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মুসল্লিরা এ সময় মহান আল্লাহর কাছে করোনা-পরবর্তী বিশ্ব পরিস্থিতি থেকে স্থায়ী মুক্তি, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সব মানুষের কল্যাণ কামনা করেন।
জাহাগিরিয়া তরিকার অনুসারীরা প্রতি বছর মধ্যপ্রাচ্য, বিশেষ করে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে থাকেন। সেই ধারাবাহিকতায় এবারও তারা নির্ধারিত সময়ে ঈদের নামাজ আদায় করে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করেন।
স্থানীয়রা জানান, শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ায় এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও ছিল স্বাভাবিক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

