আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কিশোরগঞ্জে অতি শিলাবৃষ্টিতে হাওরের বোরো ধান বিপদে

উপজেলা প্রতিনিধি, (অষ্টগ্রাম) কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে অতি শিলাবৃষ্টিতে হাওরের বোরো ধান বিপদে

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে প্রচণ্ড শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার রাতের আকস্মিক এ প্রাকৃতিক দুর্যোগে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলার হাজার হাজার কৃষক এখন চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

​স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে হঠাৎ দমকা হাওয়ার সঙ্গে প্রচণ্ড বেগে বৃষ্টি ও শিলাবৃষ্টি শুরু হয়। জেলার কৃষিনির্ভর জনপদ হিসেবে পরিচিত অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ১৫/২০ মিনিট স্থায়ী হওয়া এ শিলাবৃষ্টিতে ফসলি জমির ব্যাপক ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

হাওরের বোরো ধানের জমিতে এখন শীষ (থোড়) আসার উপযুক্ত সময়। কৃষকরা জানান, এই সংবেদনশীল সময়ে শিলাবৃষ্টির আঘাতে ধানের গাছ ভেঙে পড়া এবং থোড় থ্যাঁতলে যাওয়ার ফলে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

​অষ্টগ্রামের প্রবীণ কৃষক নুরুল ইসলাম লালধন (৭৫) আক্ষেপ করে বলেন, এ বছর বাম্পার ফলনের আশা ছিল। কিন্তু এ অসময়ের শিলাবৃষ্টি আমাদের স্বপ্ন চুরমার করে দিবে বলে মনে হচ্ছে। সকালে হাওরে গেলে বোঝা যাবে ঠিক কতটা ক্ষতি হলো।

​এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকার মোটো ফোনে জানান, উপজেলার তিনটি ইউনিয়নে শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনই বলা সম্ভব নয়। ভোর থেকেই কৃষি অফিসের কর্মকর্তারা সরজমিনে মাঠ পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন