কিশোরগঞ্জের নিকলী উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে উপজেলার কারপাশা ইউনিয়নের বদরপুর ও জালালপুর গ্রামে পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
শিয়ালের কামড়ে আহতরা হলেন কারপাশা ইউনিয়নের বদরপুর গ্রামের দিনার (১৮), নাবিদ (১৪), জান্নাত (৮), রাজিয়া (৭০), রহিমা বেগম (৬০), সুজন (৩৫), আশরাফ উদ্দিন (৫৫), হোসনা আক্তার (৪৮) এবং জালালপুর গ্রামের জাহাঙ্গীর মিয়া (৪৮)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শিয়ালের কামড়ে আহত ৯ জনকে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে গেছেন।
আহত বদরপুর গ্রামের রহিমা বেগম (৬০) জানান, রাস্তায় একটি শিয়াল অস্বাভাবিক আচরণ করছিল। কিছুক্ষণ পর হঠাৎ শিয়ালটি দৌড়ে এসে তার পা ও হাঁটুর নিচে কামড় দেয়। এ সময় স্থানীয়রা শিয়ালটিকে তাড়ানোর চেষ্টা করলে সেটি আরো ক্ষিপ্ত হয়ে আশপাশের লোকজনকেও কামড়াতে শুরু করে। পরে ধস্তাধস্তির একপর্যায়ে শিয়ালটি পালিয়ে যায়।
অন্যদিকে জালালপুর গ্রামের আহত জাহাঙ্গীর মিয়া (৪৮) বলেন, শুক্রবার সকালে তিনি সহধর্মিণীকে নিয়ে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় শিয়ালটি প্রথমে তার স্ত্রীকে কামড় দিয়ে পালিয়ে যায়। পরে শিয়ালটিকে ধাওয়া করলে সেটি ক্ষিপ্ত হয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে শরীরের একাধিক স্থানে কামড় দেয়। পরিস্থিতি বেগতিক দেখে তিনি লাঠি দিয়ে একাধিকবার আঘাত করলে শিয়ালটি ঘটনাস্থলেই মারা যায়।
এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

