ভেঙে গেছে এশিয়ান হাইওয়ে সড়ক, ঝুঁকিতে যান চলাচল

ফজলে রাব্বী সোহেল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

ভেঙে গেছে এশিয়ান হাইওয়ে সড়ক, ঝুঁকিতে যান চলাচল

এশিয়ান হাইওয়ে সড়কের গাজীপুরের জয়দেবপুর থেকে সোনারগাঁয়ের মদনপুর পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার কাজ শেষ হওয়ার আগেই সোনারগাঁয়ের সিংলাব-পাকুন্দা এলাকায় সড়কের প্রায় ২৫০ মিটারজুড়ে বড় ফাটল দেখা দিয়েছে। এতে করে সড়কের নির্মাণকাজের মান নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে ।

স্থানীয়রা জানান, সড়কের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ার পাশাপাশি অনেক জায়গায় বিটুমিন ওঠে গিয়ে নিচের স্তর বেরিয়ে পড়েছে। এতে যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে বলে দাবি করেছেন চালক ও স্থানীয় বাসিন্দারা। দেখা যায়, সড়কের ফাটলযুক্ত অংশে বালু ও ইটের খোয়া ফেলা হয়েছে। তবে স্থানীয় লোকজন ও চালকদের দাবি, এভাবে সাময়িকভাবে মেরামত করায় ঝুঁকি কমেনি।

বিজ্ঞাপন

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অধীনে প্রায় ৪৮ কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে সাড়ে তিন হাজার কোটি টাকারও বেশি। স্থানীয়দের অভিযোগ, সড়কের দুপাশে প্রয়োজনীয় গাইডওয়াল না থাকায় মাটির চাপে রাস্তার একাংশ দেবে গেছে। এর ফলে সড়কে ফাটল তৈরি হয়েছে। দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়া না হলে ফাটল ভয়াবহ হতে পারে এবং ভারী যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। স্থানীয়দের দাবি দ্রুত ও স্থায়ীভাবে সড়কটি মেরামত করে যানবাহন চলাচল নিরাপদ করা হোক।

তবে স্থানীয়দের এ অভিযোগ অস্বীকার করে প্রকল্প পরিচালক সৈয়দ আসলাম আলী বলেন, টানা দুই থেকে তিন দিনের বৃষ্টিতে সড়কের ওই অংশের মাটি নরম হয়ে যায়। পরে ভারী যানবাহন চলাচলের কারণে মাটি সরে গিয়ে সড়কটি দেবে যায়। এ কারণেই কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। মাটি সরে যাওয়া অংশে ড্রিল করে নতুনভাবে রাস্তা মেরামতের কাজ করা হবে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে তার কথা হয়েছে। জরুরি ভিত্তিতে ওই অংশে বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান মামুন বলেন, গাজীপুর-মদনপুর এশিয়ান হাইওয়ের পাকুন্দা এবং সিংলাব অঞ্চলে রাস্তাটি যে ব্যাপক ক্ষতি হয়েছে এটি মূলত রাস্তা কর্তৃপক্ষের কিছুটা পরিপক্বতার অভাবজনিত কারণ বলে আমরা মনে করছি। কারণ জায়গাটির ক্ষতিসাধন হয়েছে সেই জায়গাটির পাশেই একটি খাদ ছিল। যার জন্য একটি গাইড ওয়াল নির্মাণ করা প্রয়োজন ছিল। সেটি না করেই রাস্তাটিকে চালু করা হয়েছে। ফলে রাস্তার যে প্রেশার এবং কয়েক দিনের টানা বৃষ্টি, বিভিন্ন যানবাহন চলাচলের কারণে রাস্তাটি ধসে গেছে। এতে এলাকাবাসীর চলাচলে সমস্যা হচ্ছে । রাস্তাটি দ্রুত মেরামত করা প্রয়োজন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, এশিয়ান হাইওয়ে সোনারগাঁয়ের সিংলাব-পাকুন্দা সড়কের ফাটল এলাকা আমরা পরিদর্শন করেছি । বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন