আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজীপুরে শিশু রাহিম হত্যার রহস্য উন্মোচন, ভাইসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোটার, গাজীপুর

গাজীপুরে শিশু রাহিম হত্যার রহস্য উন্মোচন, ভাইসহ গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত

গাজীপুরে চাঞ্চল্যকর রাহিম হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ১৩ বছর বয়সী শিশুকে হত্যার পর গভীর শালবনে মাটিচাপা দিয়ে লাশ গুমের ঘটনায় ভিকটিমের বড় ভাইসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় ১৩ বছর বয়সী রাহিমকে হত্যা করে গভীর শালবনের ভেতরে গর্ত করে মাটি চাপা দেওয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি বিকেবাড়ি পদ্মপাড়া এলাকায় শালবনের ভেতর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা পোশাক দেখে মরদেহ শনাক্ত করেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় রাহিমের বাবা নুরুল ইসলাম সদর থানায় সাধারণ ডায়েরি করলে তদন্তে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ৩ মার্চ ভোরে মির্জাপুর এলাকা থেকে ভিকটিমের বড় ভাই আলামিন হোসেন ও তার সহযোগী আশিক আহমেদকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মোবাইল ফোন কেনা নিয়ে পারিবারিক বিরোধের জেরে আলামিন তার বন্ধুকে নিয়ে রাহিমকে বনে ডেকে নেয়। সেখানে মাফলার দিয়ে গাছে বেঁধে এবং মুখে স্কচটেপ পেঁচিয়ে ভয় দেখানোর একপর্যায়ে গলাটিপে হত্যা করা হয়। পরে লাশ গুমের উদ্দেশ্যে মাটি চাপা দেওয়া হয়।

গ্রেপ্তারকৃত দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...