মাদারীপুরে চাইনিজ কুড়ালসহ মোটরসাইকেল আরোহী দুই কিশোরকে আটক করেছে সেনাবাহিনীর একটি টহল দল। রোববার দুপুর ১টার দিকে জেলার সদর উপজেলার মোস্তফাপুর শাজাহান খান কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে তাদের মাদারীপুর সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
আটককৃতরা হলো জেলার শহরের নতুন মাদারীপুর এলাকার মামুন হাওলাদার ওরফে আলমাস হাওলাদারের ছেলে রাব্বি হাওলাদার (২২) ও একই এলাকার আরিফ হাওলাদারের ছেলে তানজিম হাওলাদার (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করছিল রাব্বি। গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে রাব্বির তথ্যের ভিত্তিতে তানজিমকে আটক করা হয়। দুইজনকে পরে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করে সেনাবাহিনীর সদস্যরা।
এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

