শ্রীপুরে রাতে নিখোঁজ বাবা, সকালে মিলল ঝুলন্ত লাশ

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

শ্রীপুরে রাতে নিখোঁজ বাবা, সকালে মিলল ঝুলন্ত লাশ
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের চুক্কা বাড়ির কবির হোসেন (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ৬টার দিকে বাড়ির পাশের একটি আকাশমনি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে আকাশমনি গাছের ডালের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় কবির হোসেনের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী শ্রীপুর মডেল থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহতের মেয়ে রেখা জানান, তার বাবা কয়েক দিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন এবং মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লেও রাত ১২টার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সকালে বাড়ির পাশে তার ঝুলন্ত লাশ দেখতে পান তারা। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।

স্থানীয় গ্রাম পুলিশ শরীফ মিয়া বলেন, ভোরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পান।

স্থানীয় বাসিন্দা আমির হোসেন জানান, কবির হোসেন সহজ-সরল মানুষ ছিলেন। কারও সঙ্গে তার শত্রুতা বা বিরোধ ছিল না। তবে গত কয়েক দিন ধরে তিনি অস্বাভাবিক আচরণ করছিলেন বলে শুনেছেন।

শ্রীপুর থানার এসআই শাহীন আলম রশিদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন