মামার চুরি হওয়া নৌকার খোঁজ চাওয়ায় ভাগনেকে ছুরিকাঘাতে হত্যা

মামার চুরি হওয়া নৌকার খোঁজ চাওয়ায় ভাগনেকে ছুরিকাঘাতে হত্যা
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সাজ্জাদ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মামার চুরি হওয়া নৌকার খোঁজ চাওয়ায় ভাগনেকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে ইউসুফ আলী উচ্চ বিদ্যালয় সড়কে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মৃত সাজ্জাদ (১৬) ওই এলাকার সাদেক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ১৫-১৬ দিন আগে লক্ষ্মীপুর এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে স্বপন মিয়ার একটি স্টিলের নৌকা চুরি যায়। পরে স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে কথিত আনার ডাকাতকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি নৌকা চুরির কথা স্বীকার করেন এবং নৌকাটি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন। তবে এরপর থেকেই তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

সোমবার রাতে ইউসুফ আলী উচ্চ বিদ্যালয় সড়কে স্বপন মিয়ার ভাগনে সাজ্জাদ অভিযুক্ত আনারকে দেখতে পেয়ে চিৎকার করে স্থানীয় লোকজনকে জড়ো করার চেষ্টা করেন। এ সময় আনার তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত সাজ্জাদকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভৈরব থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো এজাহার দায়ের করা হয়নি। এজাহার পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন