ফরিদপুরের ভাঙ্গায় কালবৈশাখীর ঝড় ও বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কালবৈশাখীর এই ছোবলে কৃষকের মাঠের ফসল ও পাটের ক্ষতির পাশাপাশি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত, রাস্তার ওপরে বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়ায় বেশ জনদুর্ভোগের সৃষ্টি হয়।
বুধবার সকাল ৮টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত কালবৈশাখীর প্রভাবে ঘন বৃষ্টি স্থায়ী হয়। এতে চরম জনদুর্ভোগের শিকার হতে হয় জনগণকে।
স্থানীয় ও কৃষি অফিস থেকে জানা গেছে, টানা আড়াই ঘণ্টার কালবৈশাখী ঝড়ের ছোবলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকের মাঠের পাকা ধানের ক্ষতি এবং ক্ষেতের ভিতরে পানি জমেছে। মাঠের আবাদি পাটের ক্ষেতের পাট ঝড়ের সময় হলে পড়েছে। প্রান্তিক পাট চাষিরা এ নিয়ে বেশ উদ্বিগ্ন।
উপজেলার আলগী ইউনিয়নের মিরাজ শেখের কাচা বাড়ির উপরে গাছ পড়ে তার ঘরটি ভেঙে গেছে। অল্পের জন্য পরিবারের সব সদস্যরা বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ঝড়ের কবলে পড়ে ঘারুয়া ইউনিয়নের সাওতিকান্দা গ্রামে বিদ্যুতের খুঁটি রাস্তার ওপর ভেঙে পড়ায় দুর্ভোগে পড়েন এলাকাবাসী। পরে খবর পেয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা লাইনের ওপরে পড়া গাছ সরানোর পরে বিদ্যুৎ সংযোগ ও পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে।
কালামৃধা ইউনিয়নের ভাসরা গ্রামের আদর্শ কৃষক শাহাদাৎ হোসেন জানান, ঝড় ও বৃষ্টির কারণে বোরো ধানের জমিতে পানি জমায় পাকা ধানের ক্ষতির আশঙ্কা করছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়া ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন আমার দেশকে জানান, ‘চলতি মৌসুমে গোটা উপজেলায় প্রায় ১০ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে। ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে আবাদি জমির কিছু অংশের পাট হেলে পড়েছে। তিনি আশাবাদী রৌদ্র উঠলে জমিতে হেলে পড়া পাটের গাছগুলো ঠিক হয়ে যাবে ।’
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

