গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ উঠেছে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিজভীর বিরুদ্ধে। ঘটনার পর মেয়েকে দ্রুত উদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ওই শিক্ষার্থীর মা। বুধবার রাত ৮টার দিকে শ্রীপুরে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়ের কোনো সন্ধান না পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
তার অভিযোগ, রিজভী অস্ত্রের মুখে জোরপূর্বক তার মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছেন। থানায় লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করার পরও পুলিশ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পাচ্ছেন না বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে ওই নারী বলেন, তার মেয়ে জীবিত নাকি মৃত—এমন কোনো তথ্যও তাদের কাছে নেই। তিনি দ্রুত সময়ের মধ্যে পুলিশি অভিযান চালিয়ে মেয়েকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আকুল আবেদন জানান।
জানা গেছে, ঘটনার পর পরিবারের পক্ষ থেকে রিজভী এবং তার বাবা-মায়ের বিরুদ্ধে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের বিষয়টি প্রকাশ্যে আসার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রিজভীকে পদ থেকে বহিষ্কার করে গাজীপুর জেলা ছাত্রদল।
অভিযোগের বিষয়ে শ্রীপুর থানার ওসি মো. শাহীনুর আলম জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর থেকেই ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপহৃত ছাত্রীকে উদ্ধারে সম্ভাব্য বিভিন্ন স্থানে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অপহৃত ওই কলেজছাত্রীর কোনো সন্ধান মেলেনি।
অভিযুক্ত রিজভীর মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, উদ্ধার অভিযান ও আইনি তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

