জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোন কমিটিতে আওয়ামী লীগের প্রেতাত্মা থাকলে বিএনপি তাদের কোনোভাবেই ছাড় দেবে না। কমিটি দেয়ার আগে ঠিকভাবে যাচাই-বাছাই করে দেবেন। আওয়ামী লীগের লোক দিয়ে কমিটি দেবেন, আর তারাই এসে হুমকি-ধমকি দেবে এটা কোনোভাবেই জনগণ মেনে নেবো না।
শনিবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় আয়োজিত ঈদ পুনর্মিলনীর এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বিএনপি সরকার গঠন করলে সেখানে কোনো চোর-বাটপার বা কোনো ফ্যাসিস্ট এমপি-মন্ত্রী হতে পারবে না। যারা মন্ত্রী হবে, তারা হবেন জনগণের মন্ত্রী, ভালো মানুষ হবেন তারা। কোনো চোর বাংলাদেশের ইতিহাসে মন্ত্রী-এমপির চেয়ারে বসতে পারবে না।
আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে কেন্দ্রীয় বিএনপির এই নেতা বলেন, ২০১৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিনা ভোটে নির্বাচিত হয়েছে। ২০১৮ সালের নির্বাচনে তারা (আওয়ামী লীগ) দিনের ভোট একদিন আগে রাতেই করেছে। আবার ২৪ সালে ডামি নির্বাচন করে সরকার গঠন করেছে। যে কেন্দ্রে ৩ হাজার ভোট ছিল, সেই কেন্দ্রে ৪ হাজার ভোটও বাক্সে ভরে রেখেছে। কিন্তু দেখেন, আপনারা (আওয়ামী লীগ নেতারা) দেশছাড়া হয়ে গেছেন। আগামী নির্বাচন বিদেশে বসে আপনারা শুধু দেখবেন। আর জনগণ হাসিমুখে ভোট দেবে এবং তাদের নির্বাচিত জনপ্রতিনিধি তৈরি করবে। আওয়ামী লীগ শুধু দূরে বসে আফসোস করবে।
তিনি আরও বলেন, বিএনপি গায়ের জোরে, ব্যালটে সিল মেরে, ব্যালট পেপার ছিনতাই করে বিনা ভোটে জয়ী হতে চায় না। জনগণের সমর্থন, ভালোবাসা আর দোয়া নিয়ে আমরা জনপ্রতিনিধি হতে চাই। আওয়ামী লীগের মতো কারচুপির নির্বাচন আমরা কখনোই চাই না।
ঝাউদি ইউনিয়নের বিএনপির প্রবীণ নেতা আ. মালেক আকনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসানসহ অনেকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

