গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ৩টি বাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তা ও বাসের হেল্পার নিহত হয়েছেন। এ ঘটনায় নৌবাহিনীর এক কর্মকর্তাসহ আহত হয়েছে অন্তত ১৫ জন ।

বিজ্ঞাপন

রোববার ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার মেরী গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রায় দুই ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

পুলিশ কর্মকর্তা ও বাসের হেল্পারের মৃত্যুর বিষয়টি ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাকসুদুর রহমান মোরাদ নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, পুলিশ ফাঁড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয় আরমান পরিবহনের একটি বাস। সাথে সাথে এসপি গ্রিন লাইনের অপর একটি যাত্রীবাহী বাসেরও ধাক্কা লাগে। এ ঘটনায় আরমান পরিবহনের হেল্পার ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালাচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খুলনাগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি বাস ট্রাকটিকে ধাক্কা দিলে চতুর্মুখী সংঘর্ষ হয়। এ সময় উদ্ধার কাজে নিয়োজিত ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুল ইসলামসহ ৩ পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে আহত পুলিশ কর্মকর্তাকে ঢাকায় নেয়ার পথে মারা যান।

আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় সাড়ে তিনটা থেকে প্রায় সাড়ে পাঁচটা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে সড়ক থেকে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন