পুলিশের ওপর হামলা, ৪ কিশোর আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

পুলিশের ওপর হামলা, ৪ কিশোর আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বণ্ডবিল রেলগেটে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে দুই পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে ৪ কিশোরকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের সহায়তায় তাদের আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার শুকুর আলীর ছেলে সাকিব (১৭), সাইফুল ইসলামের ছেলে আহমেদ হোসেন (১৭), রায়হান আহম্মেদের ছেলে রাজ (১৮) এবং আব্দুল্লাহ মন্ডলের ছেলে আব্দুল (১৬)।

হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন, আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শোভন কুমার এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বন্ডবিল এলাকায় ৬ থেকে ৭টি মোটরসাইকেলে ১২ থেকে ১৪ জন কিশোর উচ্চ শব্দে বেপরোয়া গতিতে চালাচ্ছিল।

এ সময় পুলিশ সদস্যরা তাদের গতি নিয়ন্ত্রণের নির্দেশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যদের মারধর করে তারা।

পরে স্থানীয় লোকজন ছুটে এসে দুই পুলিশ সদস্যকে উদ্ধার করেন। স্থানীয়দের সহযোগিতায় চার কিশোরকে আটক করা হলেও তাদের সঙ্গে থাকা অন্যরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

আহত পুলিশ সদস্য (এএসআই) সোহেল রানা জানান, ৬ থেকে ৭টি মোটরসাইকেল বেপরোয়া গতিতে চালাচ্ছিল তার। এসময় তাদের গতি কমাতে বললে তারা আমাদের উপর হামলা করে।

এ ব্যাপারে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিকাশ চন্দ্র জানান, পুলিশের উপর হামলার ঘটনায় ৪ কিশোরকে আটক করা হয়েছে। এবিষয়ে ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এদের বিরুদ্ধে মামলা হবে বলে তিনি জানান।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন