এরা এমপি সাহেবের লোক

বটিয়াঘাটায় ৬ দোকানে বিএনপি নেতার তালা

খুলনা ব্যুরো

বটিয়াঘাটায় ৬ দোকানে বিএনপি নেতার তালা
তালাবদ্ধ দোকান। ছবি: আমার দেশ

খুলনার বটিয়াঘাটা উপজেলার খারাবাদ-বাইনতলা বাজারের ৬টি দোকান ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ সময় এক ব্যবসায়ী বেধড়ক মারপিটের শিকার হন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আতঙ্কে ভুক্তভোগীরা এ বিষয়ে থানায় অভিযোগ করেননি। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতারাও ক্ষুব্ধ ও বিব্রত। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন।

জানা গেছে, গত ২১ নভেম্বর সন্ধ্যায় খারাবাদ বাইনতলা বাজারে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির ব্যানারে মিছিল বের হয়।

বিজ্ঞাপন

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ করে বাজারে ফিরে আসে। এ সময় নেতৃস্থানীয় কয়েকজন বাজারের ৫/৬ টি দোকানের শাটার নামিয়ে তালা ঝুলিয়ে দেন। এ সমস্ত দোকানের ব্যবসায়ীরা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং এখনও তাদের প্রতিষ্ঠানে বসে শলা-পরামর্শ করা হয় বলে অভিযোগ তোলেন।

মেসার্স ফাতেমা এন্টারপ্রাইজের মালিক মাহমুদ গোলদার বলেন, মিছিল শেষে কয়েকজন এসে শাটার নামিয়ে দিয়ে দোকান থেকে বের হয়ে যেতে বলেন। আমি বের হয়ে আসতে চাইলে আমাকে বেধড়ক মারপিট করা হয়। তিনি বলেন, আমার ভাই মিলন গোলদার সাবেক ইউপি চেয়ারম্যান। তিনি আওয়ামী লীগ করতেন। কিন্তু রাজনীতির সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। জীবনের ভয়ে তিনি এলাকা ছাড়া। গুরুতর আহত হয়েও চিকিৎসা নিতে হয়েছে পালিয়ে থেকে।

স্থানীয় পল্লী চিকিৎসক ও ফার্মেসি মালিক ডা. ইমরান বলেন, মিছিল শেষে দোকানে হামলা হতে পারে আঁচ করতে পেরে আমি সরে যাই। এরপর আমার দোকানে তালা দিয়ে দিয়েছে। এর আগে আমার দুটো ঘের দখল করে নিয়েছে। জীবনের ভয়ে আমি এখন এলাকা ছাড়া। তার প্রশ্ন, আমি আওয়ামী লীগ করলে এই দুই বছর কীভাবে প্রকাশ্যে ব্যবসা করলাম?

দোকান বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে বাজার কমিটির সাধারণ সম্পাদক বাপ্পী গোলদার বলেন, ঘটনার সময় আমি বাজারে ছিলাম না। তাছাড়া আমার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার দাবি, ‘বর্তমানে আমাদের জানমালের কোনো নিরাপত্তা নেই। এ নিয়ে কথা বলে মার খেতে পারব না’।

যোগাযোগ করা হলে বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম আমার দেশকে বলেন, আমিও শুনেছি কয়েকটা দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। খোঁজ নিলে জানতে পারবেন তারা কারা। বিএনপিতে তাদের কোন পদপদবি নেই, সবাই সাবেক নেতা। এরা এমপি সাহেবের লোক। এসব কাজে আমরা বিব্রত, দল ক্ষতিগ্রস্ত।

খোঁজ নিয়ে জানা গেছে, সেদিনের মিছিলে নেতৃত্বে ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও আমীরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল ইসলাম খান জনি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ায় ২০২৪ সালে তাকে দল থেকে বহিস্কার করা হয়। পরে বহিস্কারাদেশ প্রত্যাহার হলেও পদ ফিরিয়ে দেওয়া হয়নি। তিনি স্থানীয় সংসদ সদস্য আমির এজাজ খানের ভাই।

অভিযোগ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে খায়রুল ইসলাম খান জনি বলেন, বন্ধ করা দোকানগুলো সব আওয়ামী লীগারদের। তারা ক্ষমতায় থাকতে আমাদের ওপর অকথ্য নির্যাতন চালিয়েছিল। মামলা দিয়ে পুলিশে দিয়ে হয়রানি করত। আমাকে একাধিকবার বেপরোয়া পিটিয়েছে। আমাকে দেশে বিদেশে অনেক টাকা ব্যয়ে চিকিৎসা নিতে হয়েছে। এখনও তারা বাজারে বসে নিয়মিত আওয়ামী লীগের মিটিং করে। নাশকতার পরিকল্পনা করে। এজন্য আমি কয়েকটা দোকান বন্ধ রাখতে বলেছি।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মিজানুর রহমান বলেন, দোকানে তালা ঝুলিয়ে বন্ধ করে দেওয়ার কোনো অভিযোগ আমি পাইনি। তিনি বাইনতলা ফাঁড়িতে কথা বলার পরামর্শ দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...