ডেঙ্গু মোকাবিলায় মাঠে খুলনা মহানগর বিএনপি, দুই ধাপের কর্মপরিকল্পনা

ডেঙ্গু মোকাবিলায় মাঠে খুলনা মহানগর বিএনপি, দুই ধাপের কর্মপরিকল্পনা

খুলনা মহানগরে আশঙ্কাজনক হারে বাড়তে থাকা ডেঙ্গু সংক্রমণ মোকাবিলা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দুই ধাপের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা করেছে খুলনা মহানগর বিএনপি।

বিজ্ঞাপন

মঙ্গলবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মপরিকল্পনা ঘোষণা করেন মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা।

তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন, প্রয়োজনীয় সরঞ্জাম ও ওষুধ-কীটনাশক সরবরাহের পাশাপাশি স্থানীয়দের নিয়ে জলাভূমি পরিষ্কার, জলাবদ্ধতা দূরীকরণ, মাইকিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে। স্কুল-কলেজে ছাত্রদল ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সহযোগিতায় রক্তের গ্রুপ ম্যাচিং, ডায়াগনস্টিক সাপোর্ট, রক্ত সংগ্রহ ও সচেতনতামূলক ক্যাম্পেইনও চালানো হবে।

আক্রান্ত রোগীদের জন্য জরুরি প্রয়োজনে বাড়িতে চিকিৎসকের পরামর্শ, প্রয়োজন অনুযায়ী ওষুধ সরবরাহ ও সার্বক্ষণিক খোঁজ রাখার ব্যবস্থা করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মহানগরের প্রতিটি আক্রান্ত থানা এলাকায় কমপক্ষে ৫০ শয্যার কেন্দ্রীয় সেবাকেন্দ্র এবং জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী বড় ওয়ার্ডে ২০ শয্যার সেবাকেন্দ্র স্থাপনের ঘোষণা দেওয়া হয়।

প্রতিটি কেন্দ্রে চিকিৎসক, স্বাস্থ্য সহকারী, প্রয়োজনীয় সরঞ্জাম ও রক্তের গ্রুপ ম্যাচিং সুবিধা থাকবে। পাশাপাশি ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হটলাইন নম্বর টাঙানো এবং স্বেচ্ছাসেবী দল সার্বক্ষণিক দায়িত্ব পালনের কথা জানানো হয়।

কর্মসূচি বাস্তবায়নে মেডিক্যাল পর্ষদে চিকিৎসাসেবা সমন্বয় করবেন ডা. রফিকুল ইসলাম বাবলু এবং প্রতিরোধ ব্যবস্থা সমন্বয় করবেন মো. মাসুদ পারভেজ বাবু।

সার্বিক ব্যবস্থাপনার জন্য গঠিত কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এমপিকে। আহ্বায়ক এড. শফিকুল আলম মনা এবং সদস্য সচিব খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন।

সংবাদ সম্মেলনে এড. শফিকুল আলম মনা বলেন, ২০০১ সালের করোনা মহামারির সময়ও খুলনা মহানগর বিএনপি ভেন্টিলেশন, অক্সিজেন সিলিন্ডার, চিকিৎসাসেবা ও খাদ্য সহায়তা দিয়ে নগরবাসীর পাশে দাঁড়িয়েছিল। এবারও যেকোনো মানবিক সংকটে জনগণের পাশে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে তারা প্রস্তুত।

সংবাদ সম্মেলনে সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, ডা. রফিকুল হক বাবলু, ডা. মোস্তফা কামাল, ডা. এস এম আক্তারুজ্জামান, ডা. হাফিজ, ডা. মশিউর রহমান, শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কে এম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, মিজানুর রহমান মিলটন, রকিবুল ইসলাম মতি, আব্দুল আজিজ সুমন, মজিবর রহমান, আক্তারুজ্জামান তালুকদার সজিব, ইস্তিয়াক আহমেদ ইস্তি, তাজিম বিশ্বাস, এড. হালিমা আক্তার খানম, জাকির ইকবাল বাপ্পি, নাসির উদ্দিনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ড্যাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন