আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লোকালয়ে ঢুকে দিনমজুরের ছাগল গিলে ফেলল বিশাল অজগর

উপজেলা প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)

লোকালয়ে ঢুকে দিনমজুরের ছাগল গিলে ফেলল বিশাল অজগর

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন লোকালয়ে ঢুকে একটি বিশাল অজগর সাপ দিনমজুর পরিবারের একটি ছাগল গিলে ফেলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার রসুলপুর গ্রামের বনসংলগ্ন ভোলা নদীর চরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যরা সাপটি উদ্ধার করেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের দিনমজুর সোহরাব ফরাজীর একটি ছাগল প্রতিদিনের মতো ভোলা নদীর চরে ঘাস খেতে যায়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও ছাগলটি বাড়িতে ফিরে না আসায় তিনি খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাশের একটি ঝোপের মধ্যে একটি বড় অজগর সাপ দেখতে পান। সাপটির পেট অস্বাভাবিকভাবে ফুলে থাকায় তিনি বুঝতে পারেন যে সেটি তার ছাগলটি গিলে ফেলেছে।

খবর পেয়ে কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় অজগর সাপটিকে উদ্ধার করেন। এ সময় আস্ত ছাগল গিলে ফেলা সাপটি দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ সেখানে ভিড় করেন।

ক্ষতিগ্রস্ত সোহরাব ফরাজী বলেন, সুন্দরবন থেকে আসা অজগর সাপটি আমার সখের ছাগলটি গিলে ফেলেছে। এতে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।

সিপিজি সদস্য সগির সওদাগর জানান, উদ্ধার করা সাপটি কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা শেষে সাপটিকে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন