শোল মাছ চাষ বদলে দিয়েছে পাইকগাছার বাদুড়িয়া গ্রাম

এস এম মুস্তাফিজুর রহমান, পাইকগাছা (খুলনা)

শোল মাছ চাষ বদলে দিয়েছে পাইকগাছার বাদুড়িয়া গ্রাম

খুলনার পাইকগাছায় পুকুরে বাণিজ্যিকভাবে শোল মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছে বাদুড়িয়া গ্রামের শতাধিক পরিবার। আশপাশের এলাকার মানুষ গ্রামটিকে ‘শোল মাছের গ্রাম’ হিসেবেই চেনেন। একসময় সাধারণ গ্রাম হিসেবে পরিচিত এ জনপদ আজ শোল মাছ উৎপাদন করে নতুন পরিচয় পেয়েছে।

সরেজমিন দেখা যায়, উপজেলার চাঁদখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাদুড়িয়া গ্রামের তিন শতাধিক পুকুরে শোল মাছের চাষ হচ্ছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গ্রামের অধিকাংশ মানুষ এ খাতের সঙ্গে জড়িত। মাছ চাষে ঝুঁকছেন যুবক থেকে বৃদ্ধরাও। বাড়ির আঙিনার ছোট পুকুর থেকে শুরু করে মাঝারি আকারের জলাশয়—সবখানেই চলছে শোল মাছের নিবিড় চাষ। মাছের খাদ্য প্রস্তুত, পুকুর পরিচর্যা ও বিপণনকে কেন্দ্র করে গ্রামজুড়ে সৃষ্টি হয়েছে কর্মচাঞ্চল্য।

বিজ্ঞাপন

প্রতিটি পুকুরের চারপাশ বাঁশের চটা ও বিশেষ নেট দিয়ে ঘিরে সুরক্ষিত করা হয়েছে। এতে পুকুরগুলো যেমন পরিপাটি ও দৃষ্টিনন্দন দেখায়, তেমনি মাছ চাষের জন্যও তৈরি হয়েছে নিরাপদ পরিবেশ। এ ব্যবস্থার ফলে সাপ, ক্ষতিকর পোকামাকড়সহ অন্যান্য অবাঞ্ছিত প্রাণী পুকুরে প্রবেশ করতে পারে না, শোল মাছের সুষ্ঠু বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিতে যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

স্থানীয়দের ভাষ্য, কয়েক বছর আগেও গ্রামের অনেক মানুষ বেকার কিংবা কৃষিকাজের ওপর নির্ভরশীল ছিলেন। কিন্তু শোল মাছ চাষে সাফল্য আসার পর অর্থনৈতিক অবস্থার দৃশ্যমান পরিবর্তন ঘটেছে। বর্তমানে অনেক পরিবার এ মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছে এবং নতুন উদ্যোক্তারাও আগ্রহ নিয়ে এ খাতে যুক্ত হচ্ছেন।

চাষিরা জানান, অধিকাংশ পুকুরের আয়তন ৫ থেকে ৬ শতক। এসব পুকুরে দুই হাজার থেকে আড়াই হাজার পর্যন্ত শোল মাছের পোনা ছাড়া হয়। খাদ্য হিসেবে প্রতিদিন সকাল ও বিকালে তেলাপিয়া ও সিলভার কার্প মাছ কেটে দেওয়া হয়। একটি পুকুরে দৈনিক প্রায় এক মণ পর্যন্ত মাছ খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। মাছের আকার বৃদ্ধির সঙ্গে সঙ্গে খাদ্যের পরিমাণও বাড়ানো হয়।

শোল মাছ চাষে নারীদের অংশগ্রহণও উল্লেখযোগ্য। প্রতিদিন ভোর থেকে গৃহিণীদের মাছের খাদ্য প্রস্তুত করতে দেখা যায়। তেলাপিয়া ও সিলভার কার্প মাছ কেটে খাদ্য তৈরির কাজ এখন বাদুড়িয়া গ্রামের নিত্যদিনের দৃশ্য।

স্থানীয় মৎস্যচাষি হাসানুজ্জামান বলেন, মাত্র ৬ শতক আয়তনের একটি পুকুরে দুই হাজার ৬০০ শোল মাছের পোনা ছেড়ে চাষ শুরু করি। সাত-আট মাসের মধ্যে মাছের ওজন ৭০০ গ্রাম থেকে এক কেজি পর্যন্ত হয়। বছরে প্রায় সাড়ে তিন থেকে চার লাখ টাকা খরচ হয়। বিক্রি করি সাত-আট লাখ টাকার মাছ। ফলে ভালো লাভ থাকে।

তিনি জানান, পাশের খাল-বিল থেকে সংগ্রহ করা পোনাগুলো প্রথমে মশারি বা বিশেষ নেটের ভেতর কিছুদিন লালন-পালন করা হয়। পরে উপযুক্ত আকার ধারণ করলে মূল পুকুরে ছাড়া হয়।

সফল চাষি উজ্জ্বল গাজী গত বছর ১৫ শতক আয়তনের দুটি পুকুরে দুই হাজার ৬৭০টি শোল মাছ চাষ করে প্রায় ৯ লাখ ১০ হাজার টাকার মাছ বিক্রি করেন। খরচ হয়েছিল প্রায় চার লাখ টাকা। এ বছর সাড়ে চার হাজার পোনা ছেড়ে আশা করছেন ১২-১৩ লাখ টাকার মাছ বিক্রি করতে পারবেন।

স্থানীয়দের দাবি, বাদুড়িয়ায় উৎপাদিত শোল মাছ এখন পাইকগাছার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হচ্ছে। বাজারে প্রতি কেজি শোল মাছ ৪০০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি হওয়ায় চাষিরা ভালো লাভ পাচ্ছেন। ফলে দিনদিন এ চাষের পরিধিও বাড়ছে।

স্থানীয়রা বলছেন, এক সময় যে পুকুরগুলো অব্যবহৃত পড়ে থাকত, আজ সেগুলোই হয়ে উঠেছে আয়ের প্রধান উৎস। শোল মাছ চাষই এখন বাদুড়িয়ার মানুষের অর্থনৈতিক মুক্তির নতুন দিগন্ত উন্মোচন করেছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, এলাকার মানুষ জীবিকা উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে যে উদ্যোগ গ্রহণ করেছেন, তা প্রশংসনীয়। মৎস্য খাতের এ ধরনের উদ্যোগ স্থানীয় অর্থনীতিকে আরো সমৃদ্ধ করবে। উপজেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয় বলে জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন