যশোর শহরের কেন্দ্রস্থল বকুলতলায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন জুলাই আন্দোলনের যোদ্ধারা, নিহতদের পরিবার, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সংগঠকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ১৯৭১ সালে রক্ত দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। ২০২৪ সালের জুলাইয়ে দেশের অভ্যন্তরে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে নতুন এক ইতিহাস রচিত হয়েছে। এই স্মৃতিস্তম্ভ সেই সাহস, ত্যাগ ও প্রত্যয়ের প্রতীক হয়ে থাকবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা আবু জাফর সিদ্দিকী, নাগরিক পার্টির নেতা নুরুজ্জামান, শহীদ আব্দুল্লাহর বাবা আব্দুল জব্বার, জুলাইয়ের সাহসী সন্তান মাসুম বিল্লাহ প্রমুখ।
তারা বলেন, এই স্মৃতিস্তম্ভ শুধু একটি স্থাপনা নয়, এটি যশোরবাসীর আত্মপরিচয়, সংগ্রাম ও সাহসিকতার প্রতীক। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি মুক্তচিন্তা ও প্রতিবাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, প্রধান ডাকঘরের পোস্টমাস্টার মো. শামস গোলাম হোসেন, কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার নুরশেদ আহমেদ ভূঁইয়াসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা।
অনুষ্ঠান পরিচালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সোহানুর রহমান। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

