ভারত থেকে ফিরলেন ৯১ বাংলাদেশি জেলে

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

ভারত থেকে ফিরলেন ৯১ বাংলাদেশি জেলে

ভারতীয় জলসীমায় আটক হওয়ার প্রায় ছয় মাস পর দেশে ফিরেছেন ৯১ জন বাংলাদেশি জেলে। বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের সমন্বয় এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন ভারতীয় জলসীমা থেকে ভারতীয় কোস্ট গার্ড চারটি ফিশিং বোটসহ ৯১ জন বাংলাদেশি জেলেকে আটক করে।

পরবর্তীতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক উদ্যোগ এবং বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আটক জেলে ও ফিশিং বোটগুলো দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত গৃহীত হয়।

রোববার বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে (আইএমবিএল) বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯১ জন বাংলাদেশি জেলেকে চারটি ফিশিং বোটসহ গ্রহণ করা হয়।

সোমবার দুপুর ১২টায় কোস্ট গার্ড বেইস মোংলায় আনুষ্ঠানিকভাবে জেলেদের তাদের নিজ নিজ ফিশিং বোটসহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিসিজিএস কামরুজ্জামানের অধিনায়ক কমান্ডার শাহ কামরুজ্জামান, এনডি, পিএসসি, বিএন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন