খুলনায় মোবাইল ফোনের বকেয়া টাকা নিয়ে বিরোধের জেরে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম জাহিদুল ইসলাম (২৬)। তিনি কেএমপির লবণচরা থানাধীন ছাচিবুনিয়া স্লুইচ গেট সংলগ্ন এলাকার বাসিন্দা হায়াত আলীর ছেলে। হায়াত আলী স্থানীয় জলমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি।
পরিবার সূত্রে জানা গেছে, জাহিদুল ইসলাম ১৩ হাজার টাকায় একটি মোবাইল ফোন কিনে ১১ হাজার টাকা পরিশোধ করেন। অবশিষ্ট দুই হাজার টাকা নিয়ে বিক্রেতা পক্ষের সঙ্গে তার বিরোধ চলছিল।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে কয়েকজন পরিচিত যুবক তার বাড়িতে এসে টাকা পরিশোধ বা মোবাইল ফেরত দেওয়ার কথা বলে তাকে বাইরে ডেকে নেয়। এ সময় তার এক বন্ধু সঙ্গে ছিলেন।
অভিযোগ রয়েছে, পরে তাকে রূপসা এলাকার একটি ঘরে নিয়ে আটকে রেখে মারধর করা হয়। ধারালো অস্ত্র দিয়ে তার গলা, হাত ও পায়ে কোপ দেওয়ার চেষ্টা করা হয়। ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যেই আক্রমণ করে। একপর্যায়ে ধস্তাধস্তির মধ্যে তিনি সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে কেএমপির লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, আহত জাহিদুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

