এ বছর এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের তানিয়া খাতুন (১৬) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত তানিয়ার বাড়ি ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া গ্রামে (চেয়ারম্যান গেট সংলগ্ন)। সে প্রবাসী আক্তারুল ইসলামের মেয়ে ও বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফলাফলে তানিয়া খাতুন দুটি বিষয়ে অকৃতকার্য হয়। পরীক্ষার এই ফলাফল মেনে নিতে না পেরে চরম মানসিক হতাশায় সোমবার রাত ১২টার দিকে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুস সালাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থার জন্য ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়াধীন রয়েছে। থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।
বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, এসএসসি পরীক্ষার ফলাফলে তানিয়া খাতুন দুটি বিষয়ে অকৃতকার্য হয়। সে বিবাহিত ছিল। কী কারণে আত্মহত্যা করেছে তার সঠিক তথ্য নেই।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

