সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর বাজারে সাংবাদিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় তিন প্রতারককে আটক করেছেন স্থানীয় জনতা।
বুধবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘দৈনিক মাতৃজগৎ’ নামের একটি জাতীয় পত্রিকার পরিচয় দিয়ে তিন ব্যক্তি নূরনগর বাজারের সোনার বাংলা বেকারির মালিক নিশিকান্ত অধিকারী ও বন্ধু বেকারির মালিক আলমগীর হোসেনের কাছে ৩০ হাজার টাকা দাবি করে। তারা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর দাওয়াত কার্ড ধরিয়ে দিয়ে চাঁদার জন্য চাপ দিতে থাকে। একপর্যায়ে বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের আটক করে।
আটককৃতরা হলেন কালিগঞ্জ উপজেলার গণপতি গ্রামের শেখ আলীমুদ্দীনের ছেলে আমিরুল ইসলাম (৪২), গাজীপুর জেলার বাসন থানার মগরখাল গ্রামের আবু সাইদের ছেলে জয় সরদার (৩০) এবং ঢাকার উত্তরার আবুল খায়েরের ছেলে ফারুক হোসেন (৪৫)।
নিশিকান্ত অধিকারী জানান, এর আগেও এরা ভয়ভীতি দেখিয়ে একাধিকবার টাকা নিয়েছে। আমার কাছ থেকে ৫ হাজার টাকা এবং আলমগীরের কাছ থেকে ৩ হাজার টাকা নিয়েছিল। তিনি আরও বলেন, এবার তারা দাওয়াত কার্ড দেখিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর নামে ৩০ হাজার টাকা চায়।
চাঁদাবাজদের আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমায়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় ইউপি সদস্য মোবারক হোসেন মন্টু শ্যামনগর থানায় খবর দেন। পরে পুলিশ এসে তিন প্রতারককে হেফাজতে নেয়।
শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্লা জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয়রা প্রশাসনের কাছে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

