আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা হবে: সাদিক কায়েম

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা হবে: সাদিক কায়েম

আগামী দিনে জামায়াতের নেতৃত্বে দেশে একটি নতুন রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি বলেছেন, এই রাষ্ট্রব্যবস্থায় দুর্নীতি, চাঁদাবাজি ও সহিংসতার কোনো স্থান থাকবে না এবং জনগণের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য।

বিজ্ঞাপন

শনিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে সাতক্ষীরা-৪ আসনে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

সাদিক কায়েম বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও মাফিয়া শাসনের অবসান ঘটানো সম্ভব। তিনি দাবি করেন, জুলাই পরবর্তী সময়ে একটি রাজনৈতিক দল নিজেদের অভ্যন্তরীণ সংঘর্ষে শতাধিক নেতাকর্মী হারিয়েছে, যা তাদের নিরাপত্তা দেওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে। বিপরীতে জামায়াতে ইসলামী এ সময়ে সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক নিরাপত্তা রক্ষায় ভূমিকা রেখেছে বলে তিনি মন্তব্য করেন। আগামীতে জামায়াত সরকার গঠন করলে নারীসহ সাধারণ মানুষ নিরাপদ পরিবেশে চলাচল করতে পারবে।

বক্তব্যের শুরুতে তিনি শহীদ শরীফ ওসমান হাদীর বিচারের দাবিতে উপস্থিত জনতাকে সঙ্গে নিয়ে স্লোগান দেন। এ সময় তিনি বলেন, বিগত সময়ে সাতক্ষীরা জেলায় রাজনৈতিক নিপীড়ন ও নির্যাতনের ঘটনা ঘটেছে, যার বিচার হওয়া প্রয়োজন।

আগামী জাতীয় নির্বাচনে বিপুল ভোটে সাতক্ষীরার চারটি আসনে জামায়াত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।

শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। প্রধান বক্তা ছিলেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম।

অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, দেশের মানুষ এখন পরিবর্তনের প্রত্যাশায় রয়েছে। জনগণের প্রধান দাবি শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার। তিনি বলেন, আগামী নির্বাচনে ভোটের মাধ্যমেই জনগণ দুর্নীতিবাজ, দখলদার ও চাঁদাবাজ রাজনীতির বিরুদ্ধে রায় দেবে।

জামায়াতে ইসলামীর নির্বাচনি ইশতেহারকে বাস্তবসম্মত ও বিজ্ঞানভিত্তিক উল্লেখ করে তিনি বলেন, এতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি উন্নয়ন, সুশাসন এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থার সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। তিনি জুলাই সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রধান বক্তার বক্তব্যে সাবেক এমপি গাজী নজরুল ইসলাম বলেন, শ্যামনগর একটি উপকূলীয় দুর্যোগপ্রবণ জনপদ। এ এলাকার মানুষ দীর্ঘদিন ধরে নদীভাঙন, জলাবদ্ধতা, লবণাক্ততা ও ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। তিনি বলেন, শ্যামনগরের মানুষের দীর্ঘদিনের প্রধান দাবি টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও উপকূল সুরক্ষা নিশ্চিত করা।

নির্বাচিত হলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নদীভাঙন প্রতিরোধ, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং আধুনিক দুর্যোগ ব্যবস্থাপনা গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি রেললাইন স্থাপন, সুন্দরবনকে পরিকল্পিত পর্যটন কেন্দ্রে রূপান্তর, সড়ক সংস্কার, ব্রিজ-কালভার্ট নির্মাণ, অবকাঠামো উন্নয়ন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণাও দেন। সুন্দরবন সংরক্ষণ, বনজ সম্পদ রক্ষা ও পরিবেশ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

জনসভায় আরো বক্তব্য দেন কেন্দ্রীয় জামায়াত নেতা ড. খলিলুর রহমান মাদানী, জকসুর এজিএস মাসুদ রানা, খুলনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মো. আমিরুল ইসলাম, রাবি শিবিরের সাবেক সভাপতি আব্দুর রহিম, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...