২২ কেজির ভোল মাছ সাড়ে তিন লাখ টাকায় বিক্রি

২২ কেজির ভোল মাছ সাড়ে তিন লাখ টাকায় বিক্রি
বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের মিরাজ হাওলাদারের আড়তে মাছটি বিক্রি করা হয়

বঙ্গোপসাগরে জালে আটকা পড়া ২২ কেজি ওজনের একটি ধাতিনা ভোল মাছ বাগেরহাটে ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এতে প্রতি কেজি মাছের দাম পড়েছে ১৬ হাজার ১৩৬ টাকা। বৃহস্পতিবার সকালে বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের মিরাজ হাওলাদারের আড়তে মাছটি বিক্রি করা হয়। মাছটি কিনে নেন ব্যবসায়ী হারুন মীর।

বিজ্ঞাপন

এর আগে গত ১১ আগস্ট বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের ইলিয়াছ হোসেনের মাছ ধরার ট্রলারে মাছটি ধরা পড়ে। ইলিশ ধরার ট্রলার ‘এফবি মায়ের দোয়া’র মালিক ও মাঝি ইলিয়াছ হোসেন বলেন, সাগরের আবহাওয়া খারাপ থাকায় ইলিশ জালে ধরা পড়ছিল না। তাই বাড়ি ফেরার শেষ মুহূর্তে সাগরে জাল ফেলা হয়। রাতে জাল টানার সময় ধাতিনা ভোল মাছটি পাওয়া যায়।

মাছটির ক্রেতা হারুন মীর বলেন, ধাতিনা ভোল মাছের মণ ৬ লাখ টাকা। সেই হিসেবে ২২ কেজির মাছটি ৩ লাখ ৫৫ হাজার টাকায় কিনেছেন। বরফ দিয়ে মাছটি বড় মোকামে নেওয়া হবে। পরে সেখান থেকে চট্টগ্রামে পাঠানো হবে। এতে প্রায় ৫০ হাজার টাকা লাভ হবে বলে আশা করছেন তিনি।

উপকূলীয় মৎস্য সমবায় সমিতির সভাপতি ইদ্রিস আলী বলেন, কিছু অসাধু ব্যবসায়ী ছোট ছোট জাল সাগরে নিয়ে যাওয়ায় এই মাছ ছোট থাকতেই ধরা পড়ে। অনেক বছর পর ২২ কেজি ওজনের ধাতিনা ভোল ধরা পড়েছে। মাছটি প্রায় সাড়ে তিন লাখ টাকায় বিক্রি হওয়ায় তারা আনন্দিত।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন