খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বিবার্ষিক নির্বাচনে ৫৫ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। গত বুধবার রাতে নির্বাচনের বৈধ প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করে নির্বাচন বোর্ড। তফসিল অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ করা হবে।
এর আগে ২২ আগস্ট চেম্বারের নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। হাইকোর্টে রিটের কারণে এক মাসের স্থগিতাদেশ শেষে নির্বাচন আয়োজনের পথে বাঁধা দূর হলো।
চেম্বার অব কমার্স নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. শাহীনুজ্জামান জানান, উচ্চ আদালতের আদেশে খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচন তফসিলের কার্যক্রম এক মাস স্থগিত রাখা হয়। এক মাস পার হওয়ার পর সংশোধিত তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ১২ আগস্ট প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। প্রার্থী তালিকায় সভাপতি পদে তারিকুল ইসলাম জহির ও কাজী হাফিজুর রহমান, সিনিয়র সহসভাপতি পদে বদরুল আলম মার্কিন ও কে এম হুমায়ুন কবির, সহসভাপতি পদে মইনুল ইসলাম (মঈন জমাদ্দার), ইঞ্জিনিয়ার শেখ শফিকুল ইসলাম তুহিন ও মোশাররফ হোসেনের নাম রয়েছে। বাকিরা পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া ঋণখেলাপির কারণে শেখ আসাদুর রহমান, নূর ইসলাম, ইউসুফ হারুন মজনু ও জিএম মাহাবুবুর রহমানের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
নির্বাচন বোর্ডের সংশোধিত তফসিল অনুযায়ী বৈধ মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশের পর ১৩ থেকে ১৬ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ১৭ আগস্ট। একই দিন বিকালে বৈধ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ ও ১৯ আগস্ট। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২০ আগস্ট বিকালে। তফসিল অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেওয়া হবে। ভোটগ্রহণ শেষে ওই দিনই ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে। নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে ৬ থেকে ৮ সেপ্টেম্বর আপিল করা যাবে। আপিলের নিষ্পত্তি হবে ৯ থেকে ১১ সেপ্টেম্বর।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

