খুলনায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। সোমবার (৩০ জুন) সকালে খুলনার হোগলাডাঙ্গা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হোগলাডাঙ্গা বাঁশবাড়িয়া এলাকার কিশোর রায়হান ও জুয়েল বাবু। আহতরা হলেন, অটোরিকশার যাত্রী টিটু , চালক কবির , হাসিব ও নগেন্দ্রনাথ সরকার।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ট্রাকটি হোগলাডাঙ্গা মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এছাড়া ট্রাকটি সড়কের পাশে থাকা একটি দোকানের মধ্যে ঢুকে যায়। দোকানটিও ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই রায়হান নিহত হন। গুরুতর আহত অটোরিকশা যাত্রী টিটু, চালক কবির, হাসিব, নগেন্দ্রনাথ সরকার ও জুয়েল বাবুকে উদ্ধার করে স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, হোগলাডাঙ্গা মোড়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশা একটি ট্রাক ধাক্কা দিলে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত চারজনক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

