স্বেচ্ছাশ্রমে খালের কচুরিপানা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন বিএনপি নেতা

স্বেচ্ছাশ্রমে খালের কচুরিপানা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন বিএনপি নেতা

যশোরের অভয়নগর উপজেলার আমডাঙা খালের জলাবদ্ধতা দূর করতে স্বেচ্ছাশ্রমে কচুরিপানা অপসারণ করেছেন স্থানীয় এলাকাবাসী। শনিবার দুপুরে আমডাঙা খালের কচুরিপানা অপসারণ কর্মসূচি পরিদর্শন করেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফরাজী মতিয়ার রহমান।

বিজ্ঞাপন

পরিদর্শনকালে ফরাজী মতিয়ার রহমান আমডাঙা খাল দ্রুত সংস্কার করে ভবদহের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোরালো দাবি জানান। তিনি বলেন, ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে খালের পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা অত্যন্ত জরুরি।

এ সময় খালের পাশে গড়ে ওঠা বিভিন্ন মালিকানাধীন বালুর ড্যাম্পের বালুমিশ্রিত পানি সরাসরি খালে ফেলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, বালুমিশ্রিত পানি খালে পড়ার কারণে খালের তলদেশ ভরাট ও উঁচু হয়ে যাচ্ছে। এতে পানি নিষ্কাশনে বড় ধরনের বাধা সৃষ্টি হচ্ছে এবং জলাবদ্ধতা পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে চলা এ কর্মসূচিতে স্বেচ্ছাশ্রমে খালের কচুরিপানা অপসারণ করা হয়। জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখতে খালটি সংস্কারের প্রয়োজনীয়তার কথাও এ সময় উঠে আসে।

কর্মসূচি পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুন্দরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা শিবপদ বিশ্বাস, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বর্তমান সভাপতি মুজিবর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স এবং বিএনপি নেতা আবু নওশাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন