খুলনায় লরি-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৩, আহত ৪

খুলনায় লরি-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৩, আহত ৪

খুলনার ডুমুরিয়া উপজেলায় যাত্রীবাহী মাহিন্দ্রা এবং তেলবাহী ট্যাংক লরির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন। আজ সকাল সাড়ে ১০টায় ডুমুরিয়ার গোলনা ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন আব্দুর রশিদ (৫৫), মাইনুল (৫৪) ও রফিকুল ইসলাম (৫৬)। গুরুতর আহতরা হলেন মাইনুল ইসলাম, ইউসুফ, মনিরুজ্জামান ও আব্দুস সাত্তার। এরা মাহিন্দ্রের যাত্রী ছিলেন।

ডুমুরিয়া গোলনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবু রায়হান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খর্নিয়া থানার এসআই শিমুল তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়রা থেকে ছেড়ে আসা খুলনাগামী মাহিন্দ্রা (খুলনা থ-১১-০১৭৫) ও খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী লরির (যার নম্বর যশোর ঢ-৪১-০০০৪) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাহিন্দ্রায় থাকা ৭ জন যাত্রীর মধ্যে আব্দুর রশিদ, মাইনুল ও রফিকুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। এছাড়া মাইনুল ইসলাম, ইউসুফ, মনিরুজ্জামান ও আব্দুস সাত্তার গুরুতর জখম হয়।

খবর পেয়ে খর্নিয়া থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন