যশোরের চৌগাছা ও ঝিকরগাছাসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নারী কর্মীদের হেনস্তার প্রতিবাদে চৌগাছায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতের নারীকর্মীরা। এতে জামায়াতের নারী শাখার প্রায় দশ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বুধবার বিকেলে জামায়াতের চৌগাছা উপজেলা নারী শাখার উদ্যোগে চৌগাছা কামিল মাদরাসা মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নারী কর্মীদের একটি বিক্ষোভ মিছিল চৌগাছা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কামিল মাদরাসা মাঠে গিয়ে শেষ হয়।
সমাবেশে চৌগাছা উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি শাহিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌগাছা-ঝিকরগাছা আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলীম, চৌগাছা উপজেলা সেক্রেটারি মাওলানা নূরুজ্জামান আল মামুন এবং সহকারী সেক্রেটারি সাবেক প্যানেল মেয়র কামাল আহমেদ।
কামাল আহমেদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ডা. মোসলেহ উদ্দীন ফরিদের সহধর্মিণী মিসেস নাসরিন ফরিদ, যশোর-কুষ্টিয়া অঞ্চল মহিলা জামায়াতের পরিচালক ফিরোজা ইয়াসমিন বিউটি, যশোর জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি সেলিনা খাতুন, জেলা কর্মপরিষদ সদস্য শাহানা আক্তার লাইলি এবং ঝিকরগাছা উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারি তহমিনা খাতুন শিখা।
বক্তারা অভিযোগ করেন, ভোট প্রার্থনায় মাঠে নামলে জামায়াতের নারী কর্মীদের বিভিন্নভাবে হুমকি ও হেনস্তা করা হচ্ছে। সম্প্রতি উপজেলার মুক্তারপুর এলাকায় ভোট চাইতে গেলে নারী কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং তাদের মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগ কেড়ে নেওয়া হয়। পরে মুচলেকা নিয়ে এসব সামগ্রী ফেরত দেওয়া হয় বলে তারা দাবি করেন।
এর আগে স্বরূপদাহ ইউনিয়নের নওদাপাড়া গ্রামে উপজেলা বিএনপির প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি ও সাবেক জাতীয় পার্টি নেতা শফি উদ্দিনের নেতৃত্বে নারী কর্মীদের হেনস্তার অভিযোগ তোলা হয়। সর্বশেষ মঙ্গলবার উপজেলার হাকিমপুর ইউনিয়নের মাঠচাকলা গ্রামেও ভোট প্রার্থনার সময় নারী কর্মীদের হেনস্তা করা হয়েছে বলে বক্তারা অভিযোগ করেন।
জামায়াতের নারী নেত্রীরা বলেন, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে এর উপযুক্ত জবাব দেওয়া হবে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেই প্রতিপক্ষরা এ ধরনের সাহস দেখাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন কার্যকর ব্যবস্থা না নিলে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় প্রশাসনকেই নিতে হবে।
এদিকে সমাবেশে যোগ দিতে আসার পথে চৌগাছা-ঝিকরগাছা সড়কের ফতেপুর বটতলা মোড়ে বিএনপির কর্মীরা কয়েকটি গাড়ি আটকে দেয় বলে অভিযোগ করেন চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ। পরে প্রশাসনের হস্তক্ষেপে গাড়িগুলো ছেড়ে দেওয়া হলে নেতাকর্মীরা সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

