সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরের বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন গাবুরায় বজ্রপাতে শাহানারা বেগম (৩০) নামে এক বিধবা নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিন সন্তানকে নিয়ে জীবিকার সংগ্রামে লড়াই করা এই নারীর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোক।
বুধবার সকালে উপজেলার গাবুরা ইউনিয়নের পাশ্বেমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহানারা বেগম ওই গ্রামের জাকের মোল্লার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বৈরী আবহাওয়ার মধ্যে এলাকায় হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় শাহানারা বাড়ির পাশের মাছের ঘেরের দিকে তার মাকে খুঁজতে যাচ্ছিলেন। পথিমধ্যে বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, বজ্রপাতের পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গেলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
স্থানীয়দের ভাষ্য, শাহানারার জীবন ছিল সংগ্রামমুখর আর বঞ্চনায় ভরা । কিছুদিন আগেই স্বামীর মৃত্যু হয়। এরপর দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে চরম কষ্টের মধ্যে দিন কাটছিল তার। সন্তানদের মুখে খাবার তুলে দিতে কখনও অন্যের বাড়িতে, কখনও মাছের ঘেরে দিনমজুরের কাজ করতেন তিনি।
প্রতিবেশী দেলোয়ার হোসেন বলেন, শাহানারা খুবই শান্ত ও পরিশ্রমী মানুষ ছিলেন। স্বামীর সঙ্গে আগে জেলার বাইরে ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। স্বামী মারা যাওয়ার পর সন্তানদের মানুষ করতে একাই সংগ্রাম করছিলেন। এমন মৃত্যু সত্যিই বেদনাদায়ক।
শাহানারার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। ছোট তিন সন্তানকে ঘিরে নেমে এসেছে অনিশ্চয়তার অন্ধকার।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

