মেহেরপুরের গাংনী উপজেলার নওদা ছাতিয়ান গ্রামের একটি মিষ্টি তৈরির কারখানায় গরম ঝোলের ড্রামে পড়ে বিশাল (১৬) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গত সোমবার (১১ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিশাল মেহেরপুর শহরের মল্লিকপাড়ার বাসিন্দা খোকন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৮ আগস্ট) বিকেলে নওদা ছাতিয়ান গ্রামের হায়বাত আলীর মিষ্টি তৈরির কারখানায় কাজ করার সময় অসাবধানতাবশত গরম মিষ্টির ঝোলভর্তি একটি ড্রামে পড়ে যায় বিশাল। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে চার দিন ধরে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, মৃত্যুর ঘটনাটি নিশ্চিত হওয়ার পর যেহেতু পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না, তাই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

