বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, হাসিনা ও তার দোসরদের লুণ্ঠিত পাচার করা টাকা ফেরত আনতে হবে। তাদের টাকা যেসব দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তা উদ্ধারে ব্যবস্থা নিতে হবে। নয়তো এই দেশে থাকা ফ্যাসিস্ট বাহিনীর সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে নিতে হবে।
মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ বিভিন্ন দাবিতে এর আয়োজন করে জেলা বিএনপি।
খায়ের ভূঁইয়া বলেন, বাংলাদেশে খুনি হাসিনা মানেই ছিল আইন। সে যেটা বলবে সেটাই আইনে পরিণত হতো। এজন্য দেশে আইনের শাসন ছিল না। ছিল না গণতন্ত্র। ভারতকে কাছে নিয়ে দেশের সব কিছুই বিক্রি করে দিয়েছিল হাসিনা।
তিনি বলেন, দেশে নির্বাচনী রোডম্যাপ ও গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না এলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। বিএনপি সব দল নিয়ে জাতীয় সরকার গঠন করতে চায়। এ নিয়ে কাজ করছেন তারেক রহমান। যে কেউ দল গঠন করতেই পারে, তাতে আমাদের কিছু যায় আসে না।
জেলা বিএনপির সভাপতি এমএ মজিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, আমিরুজ্জামান খান শিমুল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, মীর রবিউল ইসলাম লাভলু, একেএম ওয়াজিদ আলী, সাইফুল ইসলাম প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

