২১ বছর পর খানজাহান আলীর মাজারে আসছেন তারেক রহমান

২১ বছর পর খানজাহান আলীর মাজারে আসছেন তারেক রহমান

দীর্ঘ ২১ বছর পর বাগেরহাটে খানজাহান আলীর মাজারে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সফরে বাগেরহাট সফর করবেন তিনি। এ সময় তিনি হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে রাজনৈতিক অঙ্গনে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিশেষ করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি উচ্ছ্বাস। শহরের বিভিন্ন এলাকায় চলছে প্রচার-প্রচারণা ও প্রস্তুতি।

এর আগে ২০০৬ সালে বাগেরহাটের খানজাহান আলী কলেজ মাঠে ছাত্রদলের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে এসেছিলেন তারেক রহমান। সে সময় বেগম খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী ছিলেন। বিএনপির সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরো শক্তিশালী ও গতিশীল করতে ওই সময়ে দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিক সাংগঠনিক সফর করেছিলেন তিনি। বাগেরহাটের ওই সফরেও ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন তারেক রহমান।

তারেক রহমানের আগমন ঘিরে বাগেরহাট শহরসহ জেলার বিভিন্ন এলাকায় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। জেলা ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে তার আগমনের বার্তা পৌঁছে দিচ্ছে। জেলা ছাত্রদলের উদ্যোগে লিফলেট বিতরণ, আনন্দ মিছিল ও প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। একইভাবে জেলা যুবদলের নেতাকর্মীরাও আনন্দ মিছিল ও গণসংযোগের মাধ্যমে সফরকে স্বাগত জানাচ্ছেন।

অন্যদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকেও সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রীর আগমনের বার্তা পৌঁছে দিতে কাজ চলছে। সব মিলিয়ে ৫ নভেম্বরের সফর ঘিরে বাগেরহাটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

এ বিষয়ে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, ‘২১ বছর আগে আমরা খানজাহান আলী কলেজ মাঠে তৃণমূল প্রতিনিধি সম্মেলন করেছিলাম। তখন তারেক রহমানের খুব কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছিল। দীর্ঘ সময় পর আবারও তিনি বাগেরহাটে আসছেন, বিষয়টি আমাদের জন্য অত্যন্ত আনন্দের।’

জেলা বিএনপি বা স্থানীয় নেতৃবৃন্দ বলেন, ‘তারেক রহমান আমাদের দলের অভিভাবক। তার আগমনকে কেন্দ্র করে বাগেরহাটের সকল পর্যায়ের নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। আশা করছি, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে গোটা বাগেরহাটে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে।’

জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রাসেল বলেন, ‘তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ছাত্রদল অতীতের মতোই ঐক্যবদ্ধভাবে প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার সফর সফল করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন