বাগেরহাটে নিহত কৃষক দল নেতা শহীদ বাদল হত্যায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। সভায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সভার আগে কবর জিয়ারত ও বৃক্ষরোপণের মাধ্যমে শহীদ বাদলের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
কবর জিয়ারত শেষে আহত বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লের শারীরিক অবস্থার খোঁজখবর নেন ব্যারিস্টার কায়সার কামাল।
পরে প্রতিবাদ সভায় বক্তারা শহীদ বাদল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করেন, পরিকল্পিত হামলায় শহীদ হন বিএনপি নেতা বাদল। বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হন। তারা বলেন, রাজনৈতিক সহিংসতার মাধ্যমে গণতান্ত্রিক কর্মকাণ্ড দমিয়ে রাখা যাবে না। হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
প্রধান অতিথি ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শহীদ বাদলের রক্ত বৃথা যাবে না। এই হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতেই হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হোক। তিনি আহত আব্দুল্লাহ মোড়লের দ্রুত সুস্থতা কামনাও করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, ৯০-এর ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রনেতা সিপিও রফিকুল ইসলাম জগলু, সাবেক সচিব ফরিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, সদস্য সচিব মুজাফফর রহমান আলম, জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম ও মনির ফরাজী, যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলামসহ বিএনপি, কৃষকদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

