টানা বর্ষণে ধসে পড়লো খুলনা সাব রেজিস্ট্রি অফিসের ছাদ

টানা বর্ষণে ধসে পড়লো খুলনা সাব রেজিস্ট্রি অফিসের ছাদ

খুলনা সদর সাব রেজিস্ট্রি অফিসের একতলা ভবনের ছাদের একাংশ মঙ্গলবার সকালে ধসে পড়েছে। জরাজীর্ণ এ ভবনটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। কয়েকদিনের টানা বৃষ্টিতে দুর্বল হয়ে ছাদের বড় একটি অংশ খসে পড়ে। এতে কেউ হতাহত না হলেও খুলনা ও বাগেরহাট জেলার অনেক মূল্যবান নথিপত্র ও দলিল ভিজে গিয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, চুন আর সুরকি দিয়ে বিট্রিশ আমলের তৈরি খুলনা সদর সাব রেজিস্ট্রি কার্যালয়ের একতলা ভবন। রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের বিভিন্ন অংশের প্লাস্টার ও ছাদের নানা স্থান খসে পড়ছে। এর আগে ওই ভবনের প্রশাসনিক কার্যালয়টির ছাদের প্লাস্টার সম্পূর্ণ ঝরে পড়ে। তখন কয়েকজন গুরুতর আহত হয়। পরবর্তীতে সেখানে কর্মরতরা বাঁশ ও নেটের ছাউনি দিয়ে কার্যক্রম চালিয়ে নিচ্ছেন।

সবশেষ গত কয়েকদিনের অতিবৃষ্টিতে ভবনের ছাদের মাঝ অংশ ভেঙে পড়ে। হতাহতের ঘটনা না ঘটলেও বিপত্তি বাধে বৃষ্টিতে সেখানকার কয়েক শত বই পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। তা পুনরুদ্ধারে কর্মকর্তারা চেষ্টা করছেন।

খুলনা সদর রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার ভোরের দিকে ভবনটির মাঝখানের ছাদের একাংশ পড়ে যায়। বৃষ্টিতে সেখানে রাখা প্রায় শতখানেক বই পানিতে ভিজে গেছে। পানি না আসতে পারে সেজন্য ছাদের ওপর পলিথিন দিয়ে চারজন শ্রমিকের মাধ্যমে রেকর্ড রুম পরিষ্কার করা হচ্ছে। পানিতে যে ভলিউম বইগুলো ভিজে গিয়েছে তা সংরক্ষণের চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন