জেলার ছয়টি সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ করেছে যশোর জেলা স্বেচ্ছাসেবকদল। এর আগের দিন বুধবার জেলা বিএনপি একই দাবিতে সংবাদ সম্মেলন, গণমিছিল এবং নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি দেয়।
বৃহস্পতিবার দুপুরে সংগঠনের পক্ষ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের পূর্বাংশের প্রবেশদ্বার বকচর থেকে শুরু হয়। মিছিলটি মণিহারের সামনে এসে শেষ হয়।
এখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসন পুনর্বিন্যাসের নামে ষড়যন্ত্র করা হচ্ছে। এরমধ্য দিয়ে তারা যশোরের চিরায়ত নির্বাচনি সংস্কৃতি, পরিবেশ ও সম্প্রীতিকে বিনষ্টের চক্রান্ত করছে। এটা কোনোভাবেই যশোরবাসী মেনে নিতে পারে না।
তারা বলেন, নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে তা যে একতরফা তা এই জেলার মানুষের মতামত গ্রহণ না করার মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে। এই পরিকল্পনা থেকে অবশ্যই দ্রুত তাদেরকে বেরিয়ে আসতে হবে।
বক্তারা আগামী ফ্রেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা এবং সদস্য সচিব রাজিদুর রহমান সাগর।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

