খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের চাঁদপুর গ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে আটক করেছে রূপসা থানার পুলিশ। এ ব্যাপারে ছেলে বাদী হয়ে বাবার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, উক্ত গ্রামের ইউনুছ শিকদারের ছেলে খোকন শিকদার (৫৮) গত ২৬ মার্চ সকালে তার স্ত্রী খুরশিদা বেগমকে (৫০) পারিবারিক কলহের জেরে শাবল দিয়ে মাথায় জোরে আঘাত করেন।
এ সময় স্ত্রী মারাত্মক জখম হলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীকালে তাকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
অবশেষে অধিক রক্তক্ষরণ এবং মস্তিষ্কের জটিলতার কারণে গতকাল ২৭ মার্চ আনুমানিক রাত ৮টার দিকে ঢাকার সিটি কেয়ার হাসপাতালে খুরশিদা মৃত্যুবরণ করেন। ঘটনা জানাজানি হলে আজ ২৮ মার্চ অভিযুক্ত স্বামী খোকন শিকদারকে শিয়ালি ক্যাম্প পুলিশের ইনচার্জ প্রদীপ দাস আটক করেন।
এ ব্যাপারে নিহতের ছেলে মিশকাত শিকদার বাদী হয়ে তার বাবার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মিশকাত শিকদার প্রতিনিধিকে জানান, তার বাবা বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দিন কাটাচ্ছিলেন। এ ঘটনার সূত্র ধরেই তার বাবা-মায়ের মধ্যে প্রায় ঝগড়া বিবাদ লেগে থাকত।
গত ২৬ মার্চ সকালে আবারও বিবাদের সৃষ্টি হলে একপর্যায়ে ঘরে থাকা শাবল দিয়ে বাবা খোকন শিকদার মা খুরশিদা বেগমকে আঘাত করেন এবং পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মা মৃত্যুবরণ করেন।
এ ব্যাপারে রূপসা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান জানান, পুলিশ ঘটনার সঙ্গে জড়িত খোকন শিকদারকে আটক করেছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় রূপসা থানায় একটি হত্যা মামলা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

