চুয়াডাঙ্গায় হামে আক্রান্ত হয়ে প্রথম শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় হামে আক্রান্ত হয়ে প্রথম শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো হামে আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে গুরুতর অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত শিশু হুমাইরা খাতুন সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের দীননাথপুর গ্রামের নিমতলাপাড়া এলাকার বাসিন্দা হুমায়ুন ইকবাল আহমেদের কন্যা।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে জানান, জেলায় এটিই হামে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা। শিশুটির নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হলে হামের সংক্রমণ পজিটিভ ধরা পড়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল হামের উপসর্গ নিয়ে হুমাইরা খাতুনকে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৯ এপ্রিল তাকে হাম আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। পরে পরীক্ষায় তার শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়। ২৩ এপ্রিল চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠানো হয়। তবে পরদিন সকালে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত আবার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো ৫ জন রোগী ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, এ পর্যন্ত জেলায় প্রায় ৫০ জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন