কুষ্টিয়ার দৌলতপুরে পারিবারিক কলহের জেরে আপন বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই ইমদাদুল বাদাল (৫০)। রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শেহালা গ্রামের বাদাল পাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরো দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বজলু ও তার ছোট ভাই ইমদাদুলের (৫০) মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল।
এরই জেরে রোববার সন্ধ্যায় উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ইমদাদুলকে ধারালো হাসুয়া দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে হত্যা করে বড় ভাই বজলু ও তার ভাতিজা। ইমদাদুলকে রক্ষা করতে গিয়ে মারাত্মকভাবে জখম হন আরো দুজন।
এ তথ্য নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, সন্ধ্যা ৭টার দিকে শেহালা গ্রামে পারিবারিক কলহের জেরে এমদাদুল বাদাল নামে এক জনের মৃত্যু হয়েছে। এবং দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

