খুলনা মহানগরীর লবণচরা থানাধীন হরিণটানা ৮০ বিঘা কালভার্ট সংলগ্ন এলাকায় একই দিনে ফের গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে নাজমুল (২৫) নামের ওই যুবককে গুলি করা হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় দৌড়ে একটি বাড়ির গলিতে গিয়ে পড়ে তার মৃত্যু হয়।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে আছি। কে বা কারা তাকে গুলি করেছে, তা এখনো জানা সম্ভব হয়নি। গুলিতে নিহত যুবকের নাম নাজমুল—এটুকু জানা গেছে।
এর আগে একই দিন বিকেল পৌনে ৬টার দিকে ওই একই এলাকায় সুজন হাওলাদারের চায়ের দোকানের সামনে রাজমিস্ত্রি মো. মনজুরুল ইসলাম (২৩)-এর ওপর হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, চিহ্নিত সন্ত্রাসী আলামিন হাসান সাইফির নেতৃত্বে কালা রায়হান, শামীম, ফারদিনসহ ৮-১০ জন সন্ত্রাসী মনজুরুলের ওপর গুলি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।
একই এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবকের গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ করছে।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

