ছাত্রলীগ ক্যাডার বায়েজিদ জান্নাত সিনহা কারাগারে

ছাত্রলীগ ক্যাডার বায়েজিদ জান্নাত সিনহা কারাগারে

নিষিদ্ধ ছাত্রলীগের খুলনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বায়েজিদ জান্নাত সিনহাকে (৩০) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে খুলনার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠায়।

এর আগে গত বুধবার বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করে খুলনা মহানগর ডিবি পুলিশ। সিনহা খুলনার সোনাডাঙ্গা মডেল থানার শিববাড়ী মোড় এলাকার মৃত জিয়াউল জান্নাত বাবুলের ছেলে।

বিজ্ঞাপন

মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম বলেন, বায়েজিদ জান্নাত সিনহা নিষিদ্ধ ছাত্রলীগের খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক। গত বছরের ৫ আগস্টের পর থেকে সে পলাতক ছিল। তার অবস্থান জানার জন্য প্রযুক্তির সাহায্য নেওয়া হয়। বুধবার অবস্থান নিশ্চিত হয়ে বরিশাল শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। চলতি বছরের ১৮ মার্চ তার বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা হয়।

এদিকে বায়েজিদ জান্নাত সিনহাকে আদালতে হাজির করা হবে এ সংবাদ পেয়ে ছাত্রদল, ছাত্রশিবির ও বিভিন্ন সংগঠনের শতাধিক নেতাকর্মী সেখানে হাজির হন। তারা ছিলেন ক্ষুব্ধ ও উত্তেজিত। বিভিন্ন সময় তারা বায়েজিদের হামলা ও হয়রানির শিকার হয়েছেন। তাদের অনেকের হাতে ডিম ছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তৎপরতায় অপ্রীতিকর কিছু ঘটেনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন