মেহেরপুরের গাংনীর শেওড়াতলা সীমান্ত দিয়ে সাতজনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তাদের ফেরত নিতে বাধ্য হয় ওই সীমান্তরক্ষী বাহিনী।
বৃহস্পতিবার ভোরে ভারতের নদীয়া জেলার মুরটিয়া থানার ব্রজনাথপুর গ্রামের দিক থেকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪২-এর ৫এস ও ৬এস-এর মধ্যবর্তী শেওড়াতলা সীমান্ত দিয়ে ওই সাতজনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হয়।
স্থানীয় সূত্র জানায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কড়া প্রতিবাদ জানান। এ সময় স্থানীয় লোকজনও পুশইনের বিরুদ্ধে অবস্থান নিলে বিএসএফ শেষ পর্যন্ত সাতজনকে নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায়। পুশইনের চেষ্টা করা সাতজনের মধ্যে ছয়জন পুরুষ এবং একজন নারী ছিলেন।
এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দাবি করেছেন, বিজিবির দ্রুত অবস্থান গ্রহণ এবং জনসাধারণের প্রতিরোধের কারণেই পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


