ইতালি পাঠানোর নামে ৩৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

ইতালি পাঠানোর নামে ৩৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বৈধভাবে ছেলেকে ইতালিতে পাঠানোর আশ্বাস দিয়ে ৩৬ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেছেন যশোরের এক ভুক্তভোগী। প্রতারণার মাধ্যমে এই অর্থ আত্মসাৎ এবং টাকা ফেরত চাইলে হত্যার হুমকির অভিযোগ এনে শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন বাঘারপাড়া উপজেলার তেলিধান্যপুড়া গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে শরিফুল ইসলামের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার শ্বশুর মো. শাহাদত হোসেন।

বক্তব্যে বলা হয়, শরিফুল ইসলামের ছেলে মো. শাহেদ আহম্মেদকে ইতালিতে ভালো বেতনের চাকরির কথা বলে প্রতারক চক্রের সদস্যরা ১৬ লাখ টাকায় চুক্তি করেন। এরপর জমি বিক্রি, সুদে ধার ও সহায়-সম্বল বিক্রি করে ২০২৩ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে ধাপে ধাপে টাকা পরিশোধ করেন শরিফুল।

চুক্তি অনুযায়ী ইতালিতে পাঠানোর কথা থাকলেও প্রতারকরা শাহেদকে প্রথমে দুবাই, সেখান থেকে কেনিয়া, উগান্ডা, রুয়ান্ডা হয়ে কাজাখস্তানে পাঠান। কাজাখস্তানে পুলিশ আটক করলে চক্রের সদস্য আলমগীর হোসেন মুক্তিপণের মাধ্যমে তাকে ছাড়িয়ে নেন। এরপর শাহেদকে লিবিয়ায় নিয়ে গিয়ে আটকে রেখে দফায় দফায় মোট ২০ লাখ টাকা দাবি করেন তারা।

বক্তব্যে আরও উল্লেখ করা হয়, সব মিলিয়ে শরিফুল ইসলামের কাছ থেকে প্রতারকরা ৩৬ লাখ টাকা আদায় করে। পরে শাহেদকে দেশে ফেরত আনা হয়। পরে টাকা ফেরত না দিয়ে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ এবং প্রাণনাশের হুমকি দেয় তারা।

এ ঘটনায় শরিফুল ইসলাম বাঘারপাড়া আমলী আদালতে একটি মামলা করেছেন (সি আর মামলা নম্বর ২৪৫/২৫, তারিখ ২২/০৫/২০২৫)। মামলায় বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন ২০১৩-এর পাশাপাশি দণ্ডবিধির একাধিক ধারা উল্লেখ করা হয়েছে। মামলায় অভিযুক্ত আসামিরা হলেন একই গ্রামের মো. নাজমুল হাসান বিপ্লব, বিপ্লবের বাবা হায়দার আলী (৬৮), স্ত্রী কাকলী বেগম (৩৫), বাঘারপাড়া উপজেলার চণ্ডিপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. আলমগীর হোসেনসহ (৪০) অজ্ঞাতনামা ৩-৪ জন।

সংবাদ সম্মেলনে ৩৬ লাখ টাকা ফেরত ও সুবিচার দাবি করেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে শরিফুল ইসলাম, তার স্ত্রী স্বপ্না বেগম, ভাই রবিউল ইসলাম, মামা আজিজুল হক, আলতাব হোসেন, জামির হোসেন ও শাহেদ আহম্মেদ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে অভিযুক্ত নাজমুল হাসান বিপ্লব তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন