সুন্দরবনে কোস্টগার্ড-বনদস্যু বন্দুকযুদ্ধে নিহত ১, গুলিবিদ্ধ ১

খুলনা ব্যুরো

সুন্দরবনে কোস্টগার্ড-বনদস্যু বন্দুকযুদ্ধে নিহত ১, গুলিবিদ্ধ ১
ছবি: আমার দেশ

খুলনার কয়রা উপজেলার সুন্দরবন সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের সঙ্গে কথিত ডাকাত ‘দুলাভাই বাহিনীর’ সদস্যদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাকাত সরদার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং রবিউল ইসলাম (৫০) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময়ে সুন্দরবনের ভেতরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে প্রথমে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাকাত সরদারকে মৃত ঘোষণা করেন। অপর গুলিবিদ্ধ রবিউল ইসলামকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সাকাত সরদার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত এজাহার আলীর ছেলে। গুলিবিদ্ধ রবিউল ইসলাম একই এলাকার বাসিন্দা ও মৃত মানিক গাজীর ছেলে বলে জানা গেছে।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানান, কোস্ট গার্ডের সদস্যরা গুলিবিদ্ধ সাকাত সরদার ও রবিউল ইসলামকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক সাকাত সরদারকে মৃত ঘোষণা করেন। অপর গুলিবিদ্ধ রবিউল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশ পাহারায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ ঘটনা ঘটেছে। তবে কোন কোন বাহিনীর মধ্যে এ সংঘর্ষ হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

কয়রা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম জানান, কোস্ট গার্ডের সদস্যরা দুইজন গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। এর মধ্যে সাকাত সরদার হাসপাতালে আনার আগেই মারা যান। তার শরীরে গুলির চিহ্ন ছিল। অপর গুলিবিদ্ধ ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

তবে এ ঘটনায় কোস্ট গার্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...