যশোর প্রধান ডাকঘর থেকে রবিউল ইসলাম নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ মে) সকালে সহকর্মীরা পাশের একটি নির্মাণাধীন ভবনের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।
রবিউল ইসলাম মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ধুয়াইল গ্রামের আকবর আলীর ছেলে।
তার শ্যালক শামীম জানান, রবিউল ইসলাম মাগুরা থেকে প্রায় দুইমাস আগে বদলি হয়ে যশোর প্রধান ডাকঘরে যোগ দেন। এক মেয়ে, এক ছেলেকে নিয়ে স্ত্রী মাগুরায় থাকেন। কেন এমনটি হয়েছে তারা বুঝতে পারছেন না।
যশোরের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল কার্যালয়ের সুপার মনিরুল আল নূর জানান, রবিউল রোববার (২৫ মে) রাতে নিয়মিত ডিউটি করেন। পাশে নির্মাণাধীন একটি ভবন রয়েছে। সকালে ওই ভবনের নিচতলার একটি রুমে রবিউলের লাশ পড়ে থাকতে দেখেন সহকর্মীরা। পরে তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দিলে বিষয়টি পুলিশকে জানানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিউলের গলায় দড়ি পেঁচানো ছিল। তার মাথার পেছন দিকে আঘাতের চিহ্ন আছে। তিনি আত্মহত্যা করেছেন, নাকি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, তা কেউ নিশ্চিত হতে পারছেন না।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, পুলিশ খোঁজখবর নিচ্ছে। প্রতিষ্ঠানের বিভিন্ন সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

