সুন্দরবনে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যদের সঙ্গে বাংলাদেশ কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অস্ত্র ও গোলাবারুদসহ বাহিনীটির তিন সদস্যকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তর এক প্রেস ব্রিফিং করে লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ এ তথ্য জানান।
তিনি জানান গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত দস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালা নদীর মরা চানমিয়া খালী খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গত ১৩ মে বুধবার বিকাল ৫ টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২ দিন ব্যাপী কোস্ট গার্ড বেইস মোংলা এবং স্টেশন কোকিলমনির সদস্যরা উক্ত এলাকায় বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলিবর্ষণ শুরু করে। কোস্ট গার্ডও পাল্টা গুলিবর্ষণ শুরু করে। কোস্ট গার্ডের তীব্র প্রতিরোধের মুখে ডাকাত দল পালানোর চেষ্টা করলে অভিযানকারী দল ধাওয়া করে করিম শরীফ বাহিনীর ৩ জন সক্রিয় ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হয়।
এ সময় আটককৃতদের কাছ থেকে ৩ টি একনলা বন্দুক, ১ টি দেশীয় পিস্তল, ৪৯ রাউন্ড তাজা কার্তুজ, ১৮৭ রাউন্ড এয়ারগান গোলা, ২ টি ওয়াকিটকি ও ৪ টি ওয়াকিটকি চার্জার উদ্ধার করা হয়।
আটককৃত দস্যুরা হলো, বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার মো. মেহেদী হাসান (২৫) ও মো. রমজান শরীফ (১৯) এবং ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বাসিন্দা
মো. এনায়েত (২৫) ।
শুক্রবার দুপুরে কোষ্টগার্ড আটক তিন দস্যুকে শরণখোলা থানায় সোপর্দ করেছে।
এ বিষয়ে শরণখোলা থানার অফিসার্স ইনচার্জ মো. শামিনুল হক জানান,তিনজন বনদস্যুকে কোস্ট গার্ড শরণখোলা থানায় হস্তান্তর করেছে,তাদের বিরুদ্ধে মামলার কাজ চলমান।
জুয়েল হাওলাদার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

